গাজীপুরে হেফাজত-পুলিশ সংঘর্ষে ২৮১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২১

আপডেট: April 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাসন থানায় ২৮১ জন হেফাজত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। এসআই কামরুল ইসলাম বাদী হয়ে গতকাল মধ্যরাতে ওই মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে।

বাসন থানার ওসি কামরুল ফারুক বলেন, পুলিশের সরকারি কাজে বাধা ও দাঙ্গা করার অপরাধে ওই মামলা করা হয়েছে। মামলার ২১ আসামিকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার জাকির হাসান বলেন, হেফাজতপন্থীরা গতকাল জুমার নামাজের পর চান্দনা ঈদগাহ মাঠে জমায়েত হতে থাকেন। পরে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে কমপক্ষে ৮ জন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

হেফাজতের নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা আতঙ্কে তাদের দোকানপাট বন্ধ করে দেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাসন থানায় হেফাজতে ইসলামের ২৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে।

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খানের জানান, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ তাদের ওপর গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network