গাজীপুর সাফারি পার্কে রাজু বাহাদুরসহ দুই হাতির মৃত্যু

আপডেট: August 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সাফারি পার্কে মাত্র এক দিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যু হয়েছে। গত ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একটি হাতি মারা যাওয়ার পর ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে আনা ‘রাজু বাহাদুর’।বুধবার দুপুরে হাতি দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

পার্ক কর্তৃপক্ষ জানায়, হাতিশালায় অন্য একটি হাতির ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিল ‘রাজু বাহাদুর’। পরবর্তীতে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু করা হয়, যেখানে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত ছিলেন। দীর্ঘ আড়াই মাস চিকিৎসা চললেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।পার্কের কর্মীরা জানান, ৭ আগস্ট সকালে হাতিশালায় ‘রাজু বাহাদুর’কে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগের দিন দীর্ঘদিন অসুস্থ থাকা অপর একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়, যা ব্যাকটেরিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে দুটি হাতির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বন বিভাগের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই হাতি দুটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়।পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পর হাতি দুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পার্ক কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network