আপডেট: November 18, 2021
অনলাইন ডেস্ক:: নাটোরের সিংড়ায় ২০ বছর বয়সী এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের সময় আবু সাঈদ ওরফে রাব্বী (২৩) নামের এক যুবককে হাতে-নাতে গ্রেফতার করেছে টহল পুলিশের একটি দল।বুধবার রাত ১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় অটোভ্যান থেকে ওই নারীকে জোরপূর্বক নামিয়ে ভাই পরিচয় দানকারী যুবক ধর্ষণ করে।
আটক ধর্ষক নাটোর শহরের তেবাড়িয়া হুগোলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে। ধর্ষণের শিকার নারী গার্মেন্টস কর্মীর বাড়ি সিংড়া উপজেলায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বুধবার ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী তার মেয়ের অসুস্থতার খবর পেয়ে ঢাকা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা যুবক আবু সাঈদ ওরফে রাব্বীর সঙ্গে তার পরিচয় হয়। সম্পর্কে ভাই-বোন পরিচয় দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি অটোভ্যানে তুলে রওনা দেয়। পরে জামতলী এলাকায় পৌঁছলে ভাই পরিচয়দানকারী ওই যুবক জোরপূর্বক তাকে ভ্যান থেকে নামিয়ে ধর্ষণ করে।
পুনরায় ধর্ষণ করতে গিয়ে থানার টহল পুলিশের একটি দলের চোখে পড়ে যায়। তখন ধর্ষক যুবক তাদের দুইজনকে স্বামী-স্ত্রী সাজানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মেয়েটি কথা বলতে শুরু করেন।
ওসি আরও বলেন, আটক যুবকের বাড়ি নাটোর শহরের তেবাড়িয়া হলেও তার মায়ের সিংড়া উপজেলার বিনগ্রাম-কয়াখাস গ্রামে আবার বিয়ে হয়েছে। এজন্য সে বুধবার রাতে এখানে (মায়ের কাছে) এসেছিল। আর খোঁজ নিয়ে জানা গেছে, সে একজন ভবঘুরে যুবক। এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

