ঘুমন্ত স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন, হাসপাতালে মৃত্যু

আপডেট: October 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়ির শরীরে আগুন দিয়ে পালিয়েছেন তানভীর আহাম্মেদ নামে এক যুবক। এ ঘটনায় স্ত্রী মোর্শেদা বেগম সকাল ১০টায় এবং শাশুড়ি ফুলজান বেগম রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ।এর আগে, বুধবার (১৬ অক্টোবর) মধ্যরাতে উপজেলার রতনপুর এলাকায় স্ত্রী-শ্বাশুড়ির শরীরে আগুন দিয়ে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান তানভীর আহাম্মেদ নামে ওই যুবক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর এলাকার তানভীর আহাম্মেদের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় নাটোর সদরের লক্ষীপুরা এলাকার মুকুল আলীর মেয়ে মোর্শেদা বেগমের। মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রতনপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ফুলজান বেগম। একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। কিন্তু তানভীরের কোনো কাজ ছিল না।

পারিবারিক কলহের জেরে গত কয়েক মাস ধরে ফুলজান ও তার মেয়ে মোর্শেদার সঙ্গে থাকেন না তানভীর। এরই মধ্যে স্ত্রী মোর্শেদা তাকে তালাক দেন। তালাকের খবর পেয়ে তানভীর গত বুধবার রাতে ওই বাড়িতে গিয়ে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত স্ত্রী ও শাশুড়ির গায়ে আগুন ধরিয়ে দেন। তারা যেন ঘর থেকে বের হতে না পারে সেজন্য ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে পালিয়ে যান তিনি। এ সময় ফুলজান ও মোর্শেদার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন এবং ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোর্শেদা বেগম। পরে রাত ৮টার দিকে মারা যান ফুলজান বেগমও।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। তানভীর তার স্ত্রী ও শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network