আপডেট: October 24, 2024
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ডানার আঘাতে সাতটি বসতিবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। এদিকে, পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আহতরা বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন।ক্ষতিগ্রস্তরা হলেন- আলমগীর সিকদার, সেলিম হাওলাদার ও করিম মিয়া। তাদের ঘরবাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ইউপি সচিব মুনসুর হেলাল বলেন, হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঘূর্ণিঝড় ‘ডানা’ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে মির্জাগঞ্জসহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং উপজেলাজুড়ে ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

