আপডেট: September 26, 2023
নিহত সুচয়ন বিশ্বাসের ফাইল ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুচয়ন বিশ্বাস (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উথলী-দর্শনাগামী রেললাইনের ৭২ নং পুলের নিকট এ ঘটনা ঘটে। নিহত সুচয়ন বিশ্বাস উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটপাড়ার রেজাউল হক ডাবলুর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুচয়ন বিশ্বাস চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এলাকায় থাকতেন। সেখানে দুর্ঘটনার শিকার হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য কয়েকমাস পূর্বে বাড়িতে চলে আসেন। এজন্য পাসপোর্টও তৈরি করেছেন। চিকিৎসা ব্যয়সহ পারিবারিক অন্যান্য কারণে তিনি বেশ দুঃশ্চিন্তাগ্রস্থ ছিলেন। ভিসা হাতে পেলেই তাঁর ভারতে যাওয়ার কথা ছিল।
এরই মধ্যে মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ২৩ আপ রকেট মেইল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে নিহতের বাড়িতে উপস্থিত হয়ে জানা যায়। খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে জানার জন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করছিলেন।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

