আপডেট: মার্চ ২০, ২০২৬
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ২০১৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০শে মার্চ) উথলী ডিগ্রি কলেজ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থী জিল্লুর রহমান বলেন, আমরা বন্ধুরা মিলে প্রতি রমজানে ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ ধরনের আয়োজন বন্ধুদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে।
আরেক শিক্ষার্থী শেখ আরাফাত আসলাম জনি বলেন, আমাদের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের পরস্পরের সাথে সম্পর্ক অনেক ভালো। চাকরির সুবাদে বিভিন্ন জন দেশের বিভিন্ন জেলায় থাকলেও প্রতিনিয়ত আমাদের মধ্যে যোগাযোগ হয়। কিন্তু ইচ্ছা করলেই একে অপরের সাথে সবসময় দেখা করতে পারি না। তবে ঈদের ছুটিতে সবাই বাড়ি আসার সুযোগে আমরা প্রতি রমজানের শেষ দশকে ইফতার মাহফিল করে থাকি। আমরা যতিদন বেঁচে থাকব প্রতিবছর ইফতার মাহফিল করব।

পুলিশ সদস্য রুহুল আমিন বলেন, আমাদের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে। প্রতিবছর আমার ছুটি থাকে না। তবে ছুটি পেলেই আমি ইফতার মাহফিলে অংশগ্রহণ করি।
রাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক লাজু বলেন, শত ব্যস্ততার মাঝেও বাড়িতে আসার পর আমরা বন্ধুরা মিলে প্রতি রমজনে একসাথে ইফতার করি। মহান আল্লাহতায়ালা আমার সকল বন্ধুদের নেক হায়াত দান করুক।
এসময় আরও উপস্থিত ছিলেন ইমরান হোসেন, সাইফুল ইসলাম মানিক, কাজল হোসেন, সিয়ামুল হক শুভ, টোকনুজ্জামান টিংকু, তাজুল ইসলাম, সুলতান হোসেন, সুলতান আহম্মেদ টিপু, সুমন হোসেন, আজমল হোসেন নয়ন, মারুফ হোসেন, মিরান শরীফ, আলামিন, ইশতিয়াক হোসেন সাগর, রাকিবুল ইসলাম রাকিব, রাসেল হোসেন, কবির, ইসমাইল, সবুজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মিকাইল হোসেন।

