জীবননগরের উথলীতে পুলিশের অভিযান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: October 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ইয়াবাসহ আটককৃত আসামি হাসানুর রহমান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসানুর রহমানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে উথলী আখ সেন্টারের সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটককৃত হাসানুর রহমান (৪০) উথলী গ্রামের আমতলা পাড়ার মৃত কেসমত আলীর ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবননগর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উথলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উথলী আখ সেন্টারের সামনের পাকা রাস্তার ওপর হতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসানুর রহমানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী এলাকা বর্তমানে মদ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয়, সেবন এবং পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পাশাপাশি উঠতি বয়সী অনেক যুবক এ পেশায় জড়িয়ে পড়েছেন। অত্যন্ত কৌশলী হওয়ায় তাদের অনেকেই থেকে যাচ্ছেন ধরা-ছোয়ার বাইরে। গোয়ন্দা নজরদারি বৃদ্ধি করলে তাদেরকে আটক করা খুব একটা কঠিন কাজ হবে না। বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network