আপডেট: January 28, 2023
চুরি হয়ে যাওয়া আলমসাধু | ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগরে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে চুরি হচ্ছে মোটরসাইকেল, আলমসাধু, পাখিভ্যানসহ অন্যান্য যানবাহন। কিন্তু কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বার বার। আয়ের একমাত্র উৎস হারিয়ে অনেকেই হয়ে পড়ছেন নিঃস্ব।
গতকাল শুক্রবার (২৭শে জানুয়ারি) দিবাগত গভীর রাতে উথলী বাজার সংলগ্ন সেনেরহুদা রেলগেট এলাকা থেকে চুরি হয়ে যায় শারীরিক প্রতিবন্ধী যুবক সুমনের একটি আলমসাধু। তার দিন বিশেক আগে উথলী বাজারপাড়ার ভেদু হোসেনের বাড়ি থেকে চুরি হয়ে যায় অপর একটি আলমসাধু। কাছাকাছি এলাকা থেকে অল্পদিনের মাথায় দুটি আলমসাধু চুরি হয়ে যাওয়ায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
চুরি হওয়া আলমসাধুর মালিক সুমন বলেন, ‘প্রতিদিনের ন্যায় শুক্রবারের রাতেও বাড়ির পাশে রাস্তার উপর আলমসাধুটি তালা মেরে আমি বাড়িতে ঘুমাতে চলে যায়। ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তার উপর তালা পড়ে থাকতে দেখে এক ব্যক্তি বিষয়টি আমার মাকে জানায়। ওই সময় রাস্তার উপর এসে দেখি আমার আলমসাধুটি নাই। অনেক খোঁজাখুঁজির পরেও গাড়িটি না পেয়ে আমি চরম দুঃশ্চিন্তায় রয়েছি। পুরাতন আলমসাধুটি বিক্রির পর কয়েকমাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে আমি গাড়িটি নতুন কিনেছিলাম। আলমসাধু চুরির বিষয়টি জীবননগর থানা পুলিশকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
আলমসাধুর পাশাপাশি জীবননগরে বেড়েছে মোটরসাইকেল চুরি। সম্প্রতি জীবননগর পৌরএলাকা থেকে চুরি হয়েছে জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলামের ভার্সন থ্রির ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল। তিনদিন আগে উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকা থেকে চুরি হয়েছে ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম টুটুলের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল।
উল্লেখ্য, এর আগেও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, আলমসাধু, পাখিভ্যানসহ অন্যান্য যানবাহন চুরি হলেও তাদের বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়নি। যার ফলে চোরচক্র দিন দিন আরও বেশি সক্রিয় হয়ে উঠছে। চুরি হয়ে যাওয়া গাড়ির মালিকসহ উপজেলাবাসী মনে করেন সংঘবদ্ধ এই চোরচক্রগুলোকে আটক করতে না পারলে এভাবে একের পর এক চুরির ঘটনা ঘটতেই থাকবে। যদিও রবিবার (২২শে জানুয়ারি) রাতে জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের হাতে একটি বাজাজ বক্সার-এটি মোটরসাইকেলসহ আটক হয় চোরচক্রের তিন সদস্য।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার।

