জীবননগরে বিজিবি-পুলিশের পৃথক অভিযানে ২৮টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

আপডেট: June 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি-পুলিশের চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ২৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৮ই জুন) সকাল ও দুপুরে পৃথক এই অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল জীবননগর থানাধীন পাথিলা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার পূর্বপাশে গোপনে অবস্থান গ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে পাথিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহলদল তাদের পিছু ধাওয়া করলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মো. সেলিম হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেল থেকে রাস্তার পাশে পড়ে গেলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এসময় তাঁর কোমর থেকে পরিহিত লুঙ্গীর মধ্যে লুকিয়ে রাখা খাকি রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ৮৬৫.৫৭ গ্রাম যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৯ লক্ষ ৯৮ হাজার ৯৫৮ টাকা। আটককৃত মো. সেলিম হোসেন (৩০) ঝিনাইদহের মহেশপুর থানাধীন বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফরের ছেলে। এ ঘটনায় একজনকে পলাতক দেখিয়ে আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইদিন দুপুরে চোরাকারবারির ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ১২টি স্বর্ণের বার, ১টি চেইন ও ২টি ব্রেসলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে জীবননগর পৌরশহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে সাংবাদিক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ৫৬৯ গ্রাম (১৩৬ ভরি) যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২০ লক্ষ ৬৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় দুইজনকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network