আপডেট: April 29, 2026
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার
মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এর ভয়াবহতা রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নাই। এরই অংশ হিসেবে জীবননগরে মাদক প্রতিরোধে বেগবান হতে শুরু করেছে সামাজিক আন্দোলন। প্রায়ই দিনই উপজেলার বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হচ্ছে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা।
বুধবার বিকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে সর্বদলীয় মাদক নির্মূল কমিটির আয়োজনে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যরা ছাড়াও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে হঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ‘যারা মাদক ব্যাবসা ও সেবনের সাথে জড়িত অবিলম্বে এই পথ পরিহার করুন, নচেৎ ভবিষ্যতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। বাইরে থেকে যারা মাদক সেবন করতে গোয়ালপাড়ায় আসেন তারাও সতর্ক হয়ে যান। আপনাদেরকেও প্রতিরোধ করা হবে, প্রয়োজনে পিঠমোড়া করে বেঁধে থানায় হস্তান্তর করা হবে। গ্রামের কেউ মাদক সেবন করলে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে।’
এর আগে উপজেলার ধান্যখোলা গ্রামসহ পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ, র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এ ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সীমান্ত ঘেঁষিত জীবননগর উপজেলার প্রত্যেক গ্রামে মাদক এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। গ্রামগুলোতে হাত বাড়ালেই পাওয়া যায় ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ মাদক সেবন করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সচেতন হতে হবে অভিভাবকদের। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেন সন্ধ্যার পর বাড়ি থেকে বের না হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে অন্য কোথাও যাচ্ছে কি না সেই বিষয়ে রাখতে হবে দৃষ্টি। কারণ যুবসমাজ মাদকে ডুবে গেলে দেশ ও জাতির ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্ত অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। তবে আশার বাণী হলো, সামনের মাস থেকে সারাদেশে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

