আপডেট: November 2, 2023
পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত চান্দু মিয়া
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ চান্দু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার (২রা নভেম্বর ২০২৩ খ্রি.) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত চান্দু মিয়া গয়েশপুর গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জীবননগর থানার এসআই জামাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গয়েশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গয়েশপুর গ্রামের খাজা মণ্ডলের মেহগনি বাগানের সামনে গয়েশপুর-ডাঙ্গাপাড়াগামী ইটের সলিং রাস্তার উপর হতে ২৪ বোতল ফেন্সিডিলসহ চান্দু মিয়াকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

