জেলের জালে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের ভোল মাছ

আপডেট: February 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টেকনাফের শাহপরীর দ্বীপে টানা জালে ধরা পড়েছে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ।রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকার নাফ নদীতে মাছটি ধরা পড়ে।মাছটি শাহপরীর দ্বীপ কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে। স্থানীয় ভাষায় মাছটি ভোল মাছ নামে পরিচিত।

এসব তথ্য নিশ্চিত করে শাহপরীর দ্বীপের ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলেন। ঘণ্টাখানেক পর জাল টানার সময় ছোট ছোট মাছের সঙ্গে এই বড় ভোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদী থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে নিয়ে আসেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নেওয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান লোকজন।

শাহপরীর দ্বীপ কোনা পাড়ার নৌকার মাঝি নুর মোহাম্মদ জানান, ‘জালে প্রথম বার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে দাম হাঁকা হয়েছিল ৩ লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম ২ লাখ ৬০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শাহপরীর দ্বীপের এক জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। তবে শীত মৌসুমে ৫ থেকে ১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ জেলেদের জালে আটকা পড়ে।তিনি আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দামও পাচ্ছেন।

এদিকে মাছটি বিক্রি করতে মাইকিং করছে মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর। তিনি বলেন, নাফ নদে জেলেদের কাছ থেকে প্রায় ২শ কেজি ওজনের ভোল মাছ আড়াই লাখের বেশি দামে কেনা হয়েছে। সেটি বিক্রি করতে মাইকিং করা হচ্ছে। অন্তত কেজিপ্রতি দেড় হাজার টাকা করে বিক্রি করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network