ঝালকাঠিতে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট: December 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজের পরিবারের অভিযোগ, সদর উপজেলার কেওড়া ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়েছে।

স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

মিরাজের মা মাকসুদা বেগম অভিযোগ করেন, ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে জমি নিয়ে পুরনো বিরোধের জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত দিনমজুর মিরাজ নৈকাঠি গ্রামের সত্তার শেখের ছেলে।

এদিকে, অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর থেকে পালিয়েছেন। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network