ঝিনাইদহ সীমান্তে তিন রোহিঙ্গা নারীসহ আটক ১৭

আপডেট: September 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

ঝিনাইদহ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীসহ মোট ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাতে জেলার মহেশপুর উপজেলার খোশালপুর, সামন্তা ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দালালের এক সহযোগীসহ ২ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। শনিবার (২১শে সেপ্টেম্বর ২০২৪) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘কিছু সংখ্যক মানব পাচারকারী চেষ্টা করছেন মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচার করতে। মূলত তারা নারীদের বেশি পাচার করে থাকেন। অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে অন্য দেশে বা অন্য দেশ থেকে আমাদের দেশে আসার চেষ্টা করছেন তাদেরকে আটক করার জন্য আমাদের বিভিন্ন টহল দল অক্লান্ত পরিশ্রম করছেন। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে আমরা সফলতার সাথে একটি মাইক্রোবাসসহ, মাইক্রোবাসের চালক যিনি দালালের সহযোগী হিসেবে কাজ করেন তিনিসহ মোট ১৭ জনকে আটক করতে সক্ষম হয়। দালালকে আটক করতে না পারলেও তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাইক্রোবাসের চালক ছাড়াও আটকদের মধ্যে ১২ জন বাংলাদেশী নারী, ৩ জন রোহিঙ্গা নারী ও ১ জন পুরুষ রয়েছেন যারা অবৈধভাবে ভারতে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘যারা দুষ্কৃতকারী, চোরাকারবারি এবং মানব পাচারকারী দালাল হিসেবে কাজ করছেন, তারা যদি ঝিনাইদহ বা মহেশপুর এলাকাকে তাদের পাচার কাজের রুট হিসেবে ব্যবহার করে থাকেন তবে তারা ভুল করছেন। এই অঞ্চলটা তাদের জন্য উপযুক্ত নয়। এখানে আসলে আমরা তাদের কোন প্রকার ছাড় দিতে প্রস্তুত নয়। তাদেরকে ধরতে পারলে আমরা উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে বদ্ধপরিকর।’

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের মহেশপুর থানায় সোপার্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ই আগস্টের পর থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট ২২৯ জনকে আটক করেছে বিজিবি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network