টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবর রহমানকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।রোববার দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টায় বল্লা পোস্ট মাস্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বল্লা সাবপোস্ট অফিসে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছলে পিছন থেকে একটি মোটরসাইকেলে ৩ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

এ সময় মজিবর রহমানের ডান পায়ে পরপর ২ রাউন্ড গুলি করে তারা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে মজিবর রহমানকে উদ্ধার করে কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কালিহাতী উপজেলা পোস্ট মাস্টার আ. মোমিন জানান, কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করে রানার রফিকুল ইসলামকে সঙ্গে বল্লা সাবপোস্ট অফিসে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পারি।

কালিহাতী থানার ওসি হাসান আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনা উদঘাটন ও ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ঘটনার পর পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network