আপডেট: মে ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:: বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে প্রায় ২০০ কেজি সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা শহরের বটতলা এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা থেকে ২০০ কেজি সামুদ্রিক ইলিশ ও চিংড়ি মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ পরিবহনের দায়ে অটোরিকশা চালক বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছগুলো রাতেই উপজেলার ১৩টি এতিমখানায় লিল্লাহ বোর্ডিংয়ের শিশু শিক্ষার্থীদের খাবারের জন্য বিতরণ করা হয়েছে।অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

