আপডেট: January 11, 2022
অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া এলাকার মেরিনড্রাইভের পাশে ঝাউ বাগানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার ভোর রাতের দিকে বিজিবির একটি দল এ অভিযান চালায়। টেকনাফস্থ বিজিবি ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোর রাতে মাদকের চালান পাচারের খবরে মেরিনড্রাইভের পাশে সৈকতে ঝাউ বাগানে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। উদ্ধারকৃত ভয়ংকর এ মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।
উদ্ধার করা ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে, যা পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

