২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

দুমকিতে ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার

আপডেট: মে ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রবিউল ইসলাম রনি ওরফে ‘কসাই রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি মৃধা (৩০) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুর হোসেন মৃধার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন। বেলা ১১টার দিকে তারা রাজাখালী ফার্মগেটের পূর্ব পাশে পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।এ ঘটনায় গত ২০ মে দুমকি থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-৮।
পুলিশি তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে পটুয়াখালী ও দুমকি থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দস্যুতার প্রস্তুতি, সংঘবদ্ধ হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভাঙচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ‘কসাই রনি’ নামে পরিচিত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মৃত গরুর মাংস বিক্রির অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন “ইনকিলকবের এ প্রতিবেদক’কে” বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network