আপডেট: June 14, 2021
বরিশাল প্রতিনিধি: বরিশালের ঐতিহ্যবাহি দুর্গাসাগর দীঘি থেকে বিশালাকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। রোববার বিকেলে সৌখিন মৎস শিকারী সোহেল জমাদ্দারের জালে মাছটি ধরা পড়ে।
তিনি জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দীঘির উত্তর প্রান্তে টিকেট কিনে তারা মাছ শিকারে যান। প্রথম দিনে বিকেল সাড়ে ৫ টার দিকে আনুমানিক ৩০-৩৩ কেজি ওজনের ওই কাতল মাছটি তার বড়শিতে বাধে। প্রায় ৮ ঘন্টা অর্থাৎ রাত দেড়টার দিকে দীঘির দক্ষিণ প্রান্ত থেকে বিশালাকৃতির ওই কাতল মাছটি তুলতে সক্ষম হই আমরা।
তিনি বলেন, মাছটি বড়শিতে বাধার পর থেকেই পুরো দীঘি এলাকায় বেশ হৈ-চৈ লেগে যায়। আমরাও মাছটি তীরে তোলার আগ পর্যন্ত এক অকল্পনীয় সময় কেটেছে। আর তোলার পর মাছটি দেখে আনন্দ ধরে রাখার উপায় ছিলো না।
তিনি বলেন, শিকার হওয়া মাছ সাধারণত ওজন দেই না। তবে মাছটির আনুমানিক ওজন ৩০-৩৩ কেজি হবে, সোমবার বিকেলে মাছ শিকারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর মাছটি সবাইকে দেখানো হবে বলে জানান তিনি।
প্রতক্ষ্যদর্শী সবুজ হোসেন শিপন জানান, মাছটি বড়শিতে আটকে যাওয়ার খবর পেয়েই সোহেল ও সুমীতের শুভাকাঙ্খীরা দীঘি পারে চলে যান। এ মাছটি ২৫ কেজি ওজনের ওপরে হবে।

