নলছিটিতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, শ্রমিক লীগ নেতা আটক

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালের এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় ঝালকাঠির নলছিটিতে শ্রমিক লীগ নেতাসহ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ বুধবার সকালে তাদের নলছিটি থানায় হস্তান্তর করে র‌্যাব। আটককৃতরা হলেন, নলছিটি পৌরসভার শীতলপাড়া এলাকার সোবহান আলী হাওলাদারের ছেলে উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. জলিল হাওলাদার (৪০) ও নাঙ্গুলী এলাকার আদম আলী মুন্সির ছেলে শাহিন মুন্সি (৩১)।

র‌্যাব জানায়, বরিশাল মহানগরের চরকাউয়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কালাম হোসেন তালুকদার গত ১০ জুন কাজের জন্য বাকেরগঞ্জ যান। সেখান থেকে দুপুরে তিনি বরিশাল সদরে ফিরছিলেন। দপদপিয়ার বখতিয়ার বাড়ি সামনে এলে আসামিরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তাকে আটক করেন। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও বিকাশ নম্বরে থাকা টাকা নিজেদের বিকাশ নম্বরে স্থানান্তর করেন শ্রমিক লীগ নেতা। পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনা ব্যবসায়ী কালাম তালুকদার মোবাইল নম্বরসহ বরিশাল র‌্যাব- ৮ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব সদস্যরা বিকাশ নম্বরের সূত্র ধরে দুই জনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network