আপডেট: September 20, 2026
আমিনুর রহমান নয়ন: পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশু সন্তানের মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এসময় তিনিও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। রবিবার (২০শে সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) হেফাজতে নিয়েছে পুলিশ।
জানা যায়, মৃগমারী গ্রামের আলামিন ও সোনিয়া খাতুন দম্পতি পারিবারিক কলহের জেরে রবিবার সকালে বাগবিতণ্ডা ও মারামারি করেন। পরে স্বামী আলামিন বাড়ি থেকে বের হয়ে গেলে ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন মা সোনিয়া খাতুন।
এ ঘটনা শিশুটির দাদী দেখে ফেলে বাঁধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আহত করেন সোনিয়া খাতুন। পাশাপাশি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা শিশুকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। শিশুটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার জন্য শিশুটির মা সোনিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যা করার পর মায়ের আত্মহত্যার ঘটনা সমাজে প্রায়ই ঘটে থাকে। এ ঘটনাও হয়তো তেমনই। তবে কী কারণে একজন মা এমন পথ বেছে নিলেন সেটাও তদন্তের মাধ্যমে বের করা উচিত বলে মনে করেন স্থানীয়রা।

