পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা উঠল ৪২.৫ ডিগ্রিতে

আপডেট: April 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।রবিবার (১৬ এপ্রিল) চুয়াডাঙ্গা ও যশোরে যৌথভাবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে আবারও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। জেলার ওপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে টানা ১৫ দিন। মাঝারি, তীব্র কখনো বা অতি তীব্র দাবদাহ থাকছে চুয়াডাঙ্গায়। সকাল ৯টার পরই তাপমাত্রা উঠে যাচ্ছে ৩০ ডিগ্রির ওপরে। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তীব্র রোদ-গরমে মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।

অনেকে গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়েছে শিশুরাও। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। এর পাশাপাশি তীব্র রোদে আম-লিচুসহ মাঠে থাকা বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বোচ্চ। এর আগে শনিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে মার্চের শেষের দিকে সামান্য বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা থেকেছে কিছুদিন। এপ্রিল মাসের ২ তারিখের পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া শুরু হয়। এপ্রিল মাসের ২ তারিখ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, আম ও লিচুর ক্ষতি ঠেকানোর জন্য সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাছে পানি ও ওষুধ স্প্রে করতে বলা হয়েছে। তার পরও তীব্র রোদ-গরমে আম, লিচু ও বোরো ধানের কিছুটা ক্ষতি হবে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, এই মৌসুমে চুয়াডাঙ্গায় ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে ওঠেনি। এটাই মৌসুমের সর্বোচ্চ। ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। মাঝের আট বছরে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে ওঠেনি।

তিনি বলেন, আরো কয়েক দিন এ অবস্থা থাকতে পারে। এপ্রিলের ২২-২৩ তারিখের দিকে তাপমাত্রা কমে আসতে পারে।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও স্যালাইন খাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network