আপডেট: April 13, 2026
বরিশাল ব্যুরো:: পুলিশের ভয়ে প্রায় ১০/১২ পিস ইয়াবা ট্যাবলেট গিলে খেয়ে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছে। পরবর্তীতে অচেতন অবস্থায় ওই মাদক কারবারিকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
মাদক কারবারি সানোয়ার হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মো. সরবত আলী জানান, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে প্রায় ১০/১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। পরবর্তীতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে আরও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশ পাহারায় অচেতন ইয়াবা কারবারির চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

