আপডেট: জুন ২০, ২০২৬
বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার ‘দুর্জয় বেতাগী ভাস্কর্যের’ আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ ঘটনায় রাত ৮টায় বেতাগী থানার পক্ষ থেকে প্রেসবিফ্রিং করে জানানো হয়, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বেতাগী থানা পুলিশ সেখানে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক যুবকরা হলেন- উপজেলার দক্ষিণ হোসনাবাদের বাসিন্দা শিপন মোল্লার ছেলে শাহীন (১৯), খলিলুর রহমানের ছেলে তাওহিদ (১৮), ফুলতলা গ্রামের মাহবুব মোল্লার ছেলে মাহিম (১৭), হারুন মিয়ার ছেলে মো. সিফাত (১৯), বিবিচিনি ইউনিয়নের বশির হাওলাদারের ছেলে পারভেজ (২০) ও তালগাছিয়া গ্রামের মনজুরুল হোসেনের ছেলে নাঈম (১৭)।এসময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড বিল ও পতাকা জব্দ করা হয়।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি।
ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ দিকে শুক্রবার সন্ধ্যা ৮টায় বেতাগী থানায় প্রেসবিফ্রিংয়ে ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, আগস্ট মাসকে সামনে রেখে ছাত্রলীগ কর্মীরা বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে শুরু করেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এ ছয়জনকে আটক করা হয়। তবে কয়েকজন এসময় পালিয়ে গেছেন।তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

