আপডেট: জুন ২১, ২০২৬
বরিশাল ব্যুরো:: বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।রবিবার (২১ জুন) দুপুরে নগরীর ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ খান মেনন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত প্রকৌশলী হেমায়েত উদ্দিন বাদশার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার বেলা তিনটার দিকে কাউনিয়া থানার পুলিশের ৯-১০ সদস্যের একটি দল রাশেদের বাসায় যায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে। এ সময় তিনি বাসায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে বাসার ছাদে উঠে নিচে লাফ দেন বলে জানা যায়।এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তার মৃত্যুর বিষয়ে স্বজনরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিচয় প্রকাশ না করার শর্তে এক নিকটাত্মীয় জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে আইনি জটিলতা ও পুলিশের হয়রানির আশঙ্কায় ময়নাতদন্ত করা হয়নি বলেও ওই স্বজন জানান।এর আগে গত শুক্রবার রাতে বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে ওই সময় তিনি বাসায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক খান ও ফয়েজ খানকে গ্রেপ্তার করে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাশেদ খান মেনন বাসায় অবস্থান করছিলেন। পরে পুলিশের পুনরায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।

