বরিশালে ডিবি’র উপর হামলা, গ্রেফতার ৫

আপডেট: January 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে মাদক উদ্ধার অভিযানে গোয়েন্দা পুলিশের দুই সদস্যের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রূপাতলী মান্নান খান সড়কে ওই হামলার সময় ৪৩ পিস ইয়াবাসহ ২ জন এবং হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় ইয়াবা উদ্ধার এবং পুলিশের উপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান।

তিনি আরও জানান, গতকাল বুধবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী মান্নান খান সড়কে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় গোয়েন্দা পুলিশ সদস্য মো. হানিফ ও মো. আনোয়ার আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই রাতেই গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ হামলাকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মাদক মামলা এবং ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় গ্রেফতার ৫ জনকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপ-কমিশনার মো. মনজুর হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network