আপডেট: এপ্রিল ১২, ২০২৬
বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরজুড়ে সড়ক ও ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাইকিং ও নোটিশ দিয়েও সেই সব স্থাপনার অনেকাংশই সরিয়ে নেয়নি সংশ্লিষ্টরা। ১০ এপ্রিল পর্যন্ত এগুলো সরিয়ে নেয়ার আলটিমেটাম দেয় বরিশাল সিটি করপোরেশন।তবে এতে কাজ না হওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে করপোরেশন। প্রথম দিনেই তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকা থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।বরিশাল নগরে বেলস পার্ক, বিবির পুকুর পাড়, নগর ভবন, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাড়াও বেশ কয়েকটি এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সাকলাইন মোস্তাক বলেছেন, এক সপ্তাহের বেশি সময় ধরে অবৈধ স্থাপনার মালিকদের সতর্ক করা হয়েছিল তাদের স্থাপনা সরিয়ে নিতে। যারা সিটি করপোরেশনের দেওয়া সময়সীমার মধ্যে সরায়নি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।
এতে করে প্রথম দিনেই তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে নগরবাসীর ভোগান্তি লাঘবে।
এদিকে ভুক্তভোগীরা জানান, তাদের আয়ের পথ এই ব্যবসা প্রতিষ্ঠান। পুরো পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল। আমাদের এখন পথে বসা ছাড়া কোনো উপায় নেই।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বরিশাল নগরবাসীকে ভোগান্তির মধ্যে ফেলে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলে দখলদাররা। সম্প্রতি মাইকিং করে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তাদের যথেষ্ট সময়ও দেওয়া হয়। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিলেও অনেকে নেয়নি। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে তাদের স্থাপনাগুলো আজ উচ্ছেদ করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

