বরিশালে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

আপডেট: December 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:: বরিশালে স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক সুলাইমানকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত তারিক সুলাইমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার এম বি এম মোশারেফ হোসাইনের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩১ অক্টোবর তারিক নগরীর কাশিপুর লাকুটিয়া সড়কের রুপাইয়া এতিমখানার সামনের সড়কে কয়েকজন সহযোগীসহ স্টিলের পাইপ, লোহার শাবল ও লাঠিসোঁটা হাতে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন। এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করলে জনগণ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই সঙ্গে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন তারা।

এছাড়া তারিকের নেতৃত্বে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে। এয়ারপোর্ট থানায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রধান আসামি ছিলেন তারিক। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। সেখান থেকে র‌্যাবের একটি বিশেষ দল তারিককে গ্রেপ্তার করে। পরে তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network