বরিশালে বাসচাপায় পু‌লিশ কর্মকর্তা নিহত

আপডেট: April 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,বরিশাল:: বরিশাল নগরীতে বাসচাপায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজ (৩৩) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মো. এমদাদুল হক (৩৫) নামে এক দুদক কর্মকর্তা আহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের নগরীর রুপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ব‌রিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।নিহত এসআই ফায়েজ ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ডিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। আহতাবস্থায় চিকিৎসাধীন মো. এমদাদুল হক নলছিটি উপজেলার গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে এবং হবিগঞ্জের দুদক কার্যালয়ের কর্মকর্তা।

ওসি আনোয়ার হোসেন বলেন, সে ঈদের ছুটিতে কয়েক দিন আগে বাড়িতে এসেছে। বরিশাল নগরীতে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে এসআই দুদক কর্মকর্তাকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিল। তখন নগরীর রুপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এসআই ফয়েজকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাস রাস্তার পাশে খাদে নামিয়ে দেয়। তারপরও মোটরসাইকেলসহ আরোহী বাসের নিচে চাপা পড়েছে।ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই আরাফাত হাসান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network