বরিশালে সাংবাদিক আলম রায়হান ওপর হামলা, গ্রেফতার ১

আপডেট: October 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর বটতলা এলাকায় অতর্কিত হামলায় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হান আহত হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিবার রাতে তিনি বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পর রাতেই তৌহিদ নামে একজনকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। সোমবার সকালে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাতে দৈনিক দখিনের সময় পত্রিকা কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলা প্রসঙ্গে আলম রায়হান বলেন, ‘ওই এলাকার বাসিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতভাবে এ হামলা চালান। সে সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন তারা। তাদের হামলায় দখিনের সময়ের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজ এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউর আহত হন।’

হাফিজ ও মশিউর বলেন, ‘দুজন শ্রমিক অফিসের সামনের জায়গায় পানি জমে বলে সেটি পরিষ্কার করার জন্য বালু ফেলছিল। এ সময় তৌহিদসহ কয়েকজন এসে মারধর শুরু করেন এবং ধাক্কা দিয়ে শ্রমিকদের ডোবায় ফেলে দেন। তাদের উদ্ধারে এগিয়ে গেলে দখিনের সময় পত্রিকার সম্পাদক আলম রায়হানকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

স্থানীয়রা জানান, তৌহিদের সঙ্গে আলম রায়হানের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। কিছুদিন আগে আরও একবার এই দুইপক্ষের মধ্যে মারামারি হয়। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত রাতে তৌহিদের দেওয়া সীমানা বেড়া লোকজন নিয়ে ভাঙতে গিয়েছিলেন আলম রায়হান। তৌহিদ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের লোকজনই আহত হন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। ওই মামলায় রাতেই তৌহিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network