বরিশালে হাম ও উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট ৭০

আপডেট: September 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে হাম ও হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা হলো—পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নজরুল ইসলামের ১৫ মাস বয়সী মেয়ে নুসাইবা এবং বরিশাল নগরীর কাউনিয়া এলাকার রফিকুল ইসলামের এক বছর বয়সী ছেলে রাইয়ান।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, ভোলায় সাতজন, বরগুনায় ছয়জন, পিরোজপুরে তিনজন, ঝালকাঠিতে দুজন এবং পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রেফায়তুল হায়দার বলেন, হামের প্রাদুর্ভাব পুরোপুরি কমেনি। বিভিন্ন জেলায় এখনো হাম রয়েছে। হাম আক্রান্ত হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তখন নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও মস্তিষ্কে প্রদাহসহ বিভিন্ন জটিলতা দেখা দিলে শিশুকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, শিশু হাম আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেরি করে হাসপাতালে এলে শিশুকে বাঁচানো কঠিন হতে পারে। আশপাশের কোনো শিশু আক্রান্ত হলে অন্য শিশুরাও সংক্রমিত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই অভিভাবকদের সচেতন থাকতে হবে।

স্বাস্থ্য পরিচালক আরও বলেন, জাতীয় নির্দেশিকা অনুযায়ী চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। হাম আক্রান্ত শিশুরা যাতে দ্রুত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network