বাউফলে ছাত্রলীগ নেতার হাত-পা থেঁতলে দিল

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সৌরভ সিকদার (২০) নামের এক ছাত্রলীগ নেতার হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় সৌরভকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সৌরভ কবিরকাঠি গ্রামের হানিফ সিকদারের ছেলে এবং কালিশুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কুমারখালী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মিঠু ও সুমনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী সৌরভকে আটক করে নির্জন স্থানে নিয়ে লোহার পাইপ ও রামদা দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে পথচারীরা গোঙানির শব্দ পেয়ে সৌরভকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সৌরভের বড়ভাই সজীব সিকদার বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কবিরকাঠি ওয়ার্ডে জলিল হাওলাদারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সিদ্দিক মুন্সি হেরে যান। সৌরভ জলিল হাওলাদারের সমর্থক ছিলেন। এরই জের ধরে ছিদ্দিক মুন্সির ছেলে মিঠু ও সুমনের নেতৃত্বে  সন্ত্রাসীরা সৌরভকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

অবশ্য ছিদ্দিক মুন্সি বলেন, এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সূত্র নেই।  তবে কী বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে তা আমি এখন পর্যন্ত জানি না।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনা শুনেছি। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network