বাউফলে নিষিদ্ধ জাল জব্দ

আপডেট: April 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করেছে কালাইয়া বন্দর নৌ-পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তেঁতুলিয়া নদীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল, বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়েছে।

নৌ পুলিশ সূত্র জানায়, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার মার্চ ও এপ্রিল দুই মাস তেঁতুলিয়ার নদীর অভয়াশ্রম ১শ কিলোমিটারে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে নদীতে জাল পেতে মাছ শিকার করে। কালাইয়া নৌ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ পয়েন্ট থেকে নদীতে ফেলা অবস্থায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কিছু বেহুন্দি জাল জব্দ করে। তবে এ সময় কোন জেলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network