আপডেট: August 5, 2026
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন (বরিশাল-৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এমপি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের কথা যেমন ভোলার নয়, ঠিক তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের কথাও আমাদের আজীবন মনে রাখতে হবে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই আমি যতদিন বেঁচে থাকবো জুলাই গণঅভ্যুত্থানে বাকেরগঞ্জের ৬ জন জুলাই শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে প্রতি মাসে প্রতিজন শহীদ পরিবারকে ৫ হাজার টাকা করে দিবো। ভবিষ্যতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানসহ তাদের সব ধরনের সহযোগিতা করবো।
দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পৌরসভায় তার বাসভবনের অফিসে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জন শহীদের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে। যাতে তিনি সব সময় ওই ৬ জন শহীদের ছবি দেখতে পেয়ে তাদের অবদানের কথা ভুলে না যান।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

