২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

বাকেরগঞ্জে কলেজছাত্র সজীব হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট: এপ্রিল ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র সাইদুল ইসলাম সজীব (২৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার (২৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. লিটন খান (৩৫) হত্যা মামলার ৫ নম্বর আসামি এবং বাকেরগঞ্জ উপজেলার লোচনাবাদ গ্রামের মৃত মোকসেদ আলী খানের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ মার্চ বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে কলেজছাত্র সজীব ও তার বাবা আবুল হোসেন খান নিজেদের জমিতে ঘর নির্মাণ করতে যান। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে লিটন খানসহ মামলার অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।

হামলায় সজীব গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।এরপর ৩১ মার্চ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে হামলার ঘটনার পর নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে গত ২৯ মার্চ বাকেরগঞ্জ থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, গ্রেপ্তার আসামিকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।উল্লেখ্য, নিহত সাইদুল ইসলাম সজীব বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network