আপডেট: August 13, 2026
বরিশাল ব্যুরো:: বরিশালের বাকেরগঞ্জে ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হনুফা বেগম (৪৫) টানা ৯ দিন পর মারা গেছেন।বুধবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজন ও প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরটিতে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, তাঁর মেয়ে ইতি ও নাতি ফাহিম গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে তাঁদের জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়।ঢাকায় চিকিৎসায় মেয়ে ইতি ও নাতি ফাহিম শঙ্কামুক্ত হলেও দগ্ধ হনুফা বেগম শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন।বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বহন করা হচ্ছে। পাশাপাশি নিহত হনুফা বেগমের মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছিলাম। দুজন সুস্থ হয়ে উঠলেও হনুফা বেগমকে বাঁচানো সম্ভব হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক।

