বাবুগঞ্জে শিশু রাইসাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট: March 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তারের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন এলাকাবাসী।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে প্রায় আধঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- আমার বাংলাদেশে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও নিহত রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদারসহ স্থানীয়রা।ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেন, পুলিশ শিশু রাইসা হত্যাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল শিকদারের পুত্র কিশোর গ্যাং লিডার সিফাত সিকদারকে গ্রেফতারে পুলিশ টালবাহানা করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। শিশুর রাইসাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। বক্তারা অবিলম্বে এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

গত ১৫ মার্চ দুপুরে রাইসা আক্তার বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের লিডার সিফাত শিকদার তার পথ রোধ করে। এ সময় তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হলে রাইসা রাজি না হাওয়ায় বখাটে সিফাত সিকদার ক্ষিপ্ত হয়ে তার গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করে।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, কিশোরী রাইসা আক্তারের হত্যায় যারা জড়িত তারা আগে থেকেই কিশোর গ্যাং চালায় ও মাদকের ব্যবসা করে।নিহত রাইসার পিতা নজরুল ইসলাম বলেন, আমি আমার মেয়েকে হত্যার সঠিক বিচার চাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network