আপডেট: October 16, 2024
অনলাইন ডেস্ক:: পাবনার সাঁথিয়ায় এক বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিয়ে বাড়ির গেট আটকে দিয়েছেন ছেলে শাহ আলম। বাড়ির পথে বসে কাঁদছেন মা সাহিদা খাতুন (৭০)। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মোকছেদ আলমের ছেলে।
জানা গেছে, সাহিদা খাতুনের স্বামী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। স্বামীর ভিটায় তার একটি ঘর আছে। সেই ঘরে তিনি বসবাস করতেন। একসময় তার এক মেয়ে মাহফুজার বাসায় থাকতেন। এ সময় তার সব সম্পত্তি ওই মেয়েকে লিখে দেন। অন্য দুই মেয়ে ও ছেলেকে বঞ্চিত করেন।
ছেলে এ ঘটনার প্রতিবাদ করলে মা ছেলের নামে মামলা করে জেল খাটান। এরপর ছেলে শাহ আলম তার মাকে বাড়ি ফিরতে নিষেধ করেন। এরমধ্যে মঙ্গলবার বিকেলে বৃদ্ধা মা নিজ বাড়ি ফিরে আসেন। কিন্তু তার ছেলে ও নাতিরা তাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের গেট আটকে দেন।
বৃদ্ধা সাহিদা খাতুন বলেন, আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে এই ঘর করা। কিন্তু ঘরে আমার জায়গা নেই। এ বয়সে কেন আমাকে স্বামীর ভিটা ছাড়তে হবে?অভিযুক্ত শাহ আলম বলেন, মা জমি মেয়েকে লিখে দিয়েছেন। আমার নামে দুটি মামলা করে জেল খাটিয়েছেন। তিনি মারধর করার কথা অস্বীকার করেন।
সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই বৃদ্ধাকে তার মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাদেরকে পরিবারের লোকজন নিয়ে থানায় আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

