বেতাগীতে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত, আতঙ্কে গ্রামবাসী

আপডেট: May 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার বেতাগীতে বৃহস্পতিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উপজেলার ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড় শ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। ফলে হু হু করে পানি গ্রামে প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।পটুয়াখালীর কলাপাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড় শ মিটার বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাঠের উঠতি ফসল। ছোট মোকামিয়া, ঝিঙাবাড়িয়া, চরখালী, বটতলা, বদনীখালীসহ ১০টি গ্রামে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষক ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা।
মোকামিয়া ইউনিয়নের বটতলা গ্রামের কৃষক আব্দুর রহমান (৫৬) বলেন, আজ দুপুরে বেড়িবাঁধ ভেঙে মাঠের মুগডাল, বাদাম ও বোরো ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।

ছোট মোকামিয়া গ্রামের বাসিন্দা শিক্ষক সুশান্ত কুমার গাইন বলেন, ছোট মোকামিয়া এলাকার বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে সবজি ও অন্যান্য কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।কৃষক ও গ্রামীণ বাসিন্দারা ক্ষতির আশঙ্কায় উৎকণ্ঠায় দিন পার করছেন।
এদিকে, লঘুচাপের প্রভাবে বেতাগীর বিষখালী নদী উত্তাল হয়ে উঠেছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, বেড়েছে নদীর পানির উচ্চতা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আর্থিক সহায়তা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network