ভাণ্ডারিয়ায় খাবার খেয়ে অসুস্থ ১৫ মাদরাসাছাত্র

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুপুরের খাবার খেয়ে ১৫ মাদরাসাছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল নাগাদ ৮ জন শিক্ষার্থী কিছুটা সুস্থ হয়ে উঠলেও বাকি ৭ শিক্ষার্থী অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরান ও হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদারাসার ১৫ জন আবাসিক শিক্ষার্থীদের খাসির মাংস, লাউয়ের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সরবরাহ করা হয়। খাওয়া শেষে বিকেলে শিক্ষার্থীরা বিশ্রামে যাওয়ার পর বমি করতে থাকে। পরে মাদরাসা কর্তৃপক্ষ তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ৮ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও বাকি সাতজন অচেতন অবস্থায় রয়েছে।এ ঘটনার পর থেকে মাদরাসার বাবুর্চি (খাদেম) মো. এনামুল হোসেন গা ঢাকা দিয়েছেন।

মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের খাবারের পর বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম অথবা ফুড পয়জনিংয়ের কারণে এ অবস্থা হয়েছে।এ বিষয়ে মাদরাসার সুপার মাওলানা রুহুল আমীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়জনিংয়ে শিক্ষার্থী অসুস্থ হতে পারে। তবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে আসল কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network