ভুলক্রমে ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, উদ্ধার করল পুলিশ

আপডেট: March 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

                                       আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

মারুফ হোসেন মুন্না নামের এক যাত্রী ভুলক্রমে ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে জামালপুর রেলস্টেশনে নেমে পড়েন। স্টেশনে নামার পর হঠাৎ ব্যাগের কথা মনে হলে ৯৯৯-এ কল করে তিনি বিষয়টি জানান। পরে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ব্যাগটি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন। বুধবার দুুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী ‘দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে’ এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার দুপুর ১২টায় জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিতে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগিতে ৩২ নম্বর সিটের ওপরের তাকে ফেলে আসেন। ব্যাগের ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, দরকারি কাগজপত্র এবং কাপড়চোপড় রয়েছে। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।সংবাদপ্রাপ্ত হয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নিয়ে যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network