‘ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে না দেওয়া বিশ্বাসঘাতকতা’

আপডেট: July 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের দাবিতে বরিশালে পদযাত্রা করেছে নাগরিক আন্দোলন। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল ও অগ্রাধিকারের ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

নাগরিক আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে পদযাত্রার আগে অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাগরিক আন্দোলনের সমন্বয়কারী ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, জাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আজাদ বাদল, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাঢ়ৈ প্রমুখ।

বক্তারা বলেন, ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহার না করে ঢাকা, গাজীপুর, আশুলিয়া, ময়মনসিংহে সরবরাহের জন্য সরকার ইন্ট্রাকোর সাথে যে চুক্তি করেছে তা গণবিরোধী ও দক্ষিণাঞ্চলের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। বক্তারা অবিলম্বে এই চুক্তি বাতিল করে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলাসহ দক্ষিণাঞ্চলের জনগণের উন্নয়নে শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে একটি পদযাত্রা নগরীর অশ্বিনী কুমার হল থেকে নগরীর কাশিপুর এলাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে নাগরিক আন্দোলনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network