আপডেট: November 2, 2023
অনলাইন ডেস্ক:: চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে রেস দিয়ে ভাইরাল হওয়া সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে নগরের কর্ণফুলী থানায় মামলাটি করেন টানেলের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
মামলার এজাহারে যেসব গাড়ির নম্বর উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরো দুই থেকে তিনটি গাড়ির চালক ও তাদের সহযোগীদের আসামি করা হয়।কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, বুধবার রাতে সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।শনিবার (২৮ অক্টোবর) এ টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল ৬টা থেকে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেদিন মধ্যরাতেই কার নিয়ে টানেলের ভেতর রেসে মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। টানেলের আনোয়ারা প্রান্তে গাড়িগুলোকে রেস করতে দেখা যায়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, টানেলের ভেতরে রেসে অংশ নেয় অন্তত ১০টি গাড়ি। এ সময় একটি গাড়ি আরেকটিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম হয়।

