মহেশপুর সীমান্তে ২৭ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

আপডেট: April 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির মাঝে ২৭ স্বর্ণের বারসহ আটককৃত দুই যুবক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে তিন কেজি ১৩৯ গ্রাম ওজনের ২৭টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন কাদিরকোল গ্রামের মনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৩২) এবং একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (২৬)। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানতে পারেন দুইজন ব্যক্তি মহেশপুর থানাধীন নেপা মোড় দিয়ে স্বর্ণে পাচারের উদ্দেশ্য সীমান্তের দিকে গমন করবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল নেপা মোড়ের জসিম স্টোরের পাশে গোপন অবস্থান গ্রহণ করেন।

বিজিবির অবস্থানকালে সন্দেহভাজন দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে নেপা মোড় অতিক্রম করে সীমান্তের দিকে যেতে থাকার সময় বিজিবি সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে রুহুল আমিন ও সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করেন। আটককৃত রুহুল আমিনের প্যান্টের পকেটের মধ্যে থেকে খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয় তিন কেজি ১৩৯ গ্রাম ওজনের ২৭টি স্বর্ণের বার।

জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক মূল্য দুই কোটি ৫৬ লক্ষ ৩৮ হাজার ৫২০ টাকা। শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতের পাচারের উদ্দেশ্য এসব স্বর্ণের বার পরিবহন ও নিজ জিম্মায় রাখার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network