মাদারীপুরে গৃহবধূকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় স্বামীর পা ভেঙে দিল বখাটে

আপডেট: December 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামে এক প্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে বখাটে।মঙ্গলবার দুপুরে হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্র এ তথ্য জানায়।

এর আগে সোমবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত বাচ্চু সরদার একই এলাকার কাদের সরদারের ছেলে।গুরুতর আহত স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধী ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারির বখাটে ছেলে হালান বেপারি।

এ বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে প্রতিবাদ করায় প্রতিবন্ধী বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার দুপুরে হালান বেপারি রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেয় এবং তাকে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হালান বেপারি পালিয়ে যায়। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।আহত বাচ্চুর বড়ভাই বোরহান সরদার বলেন, আমার ভাই বাচ্চু একজন বোবা প্রতিবন্ধী মানুষ। আমার ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হালান কুপ্রস্তাব দেয়। এ বিষয়টি জেনে আমার ভাই প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পা ভেঙে দিয়ে হত্যাচেষ্টা চালায় হালান। আমরা কালকিনি থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

আহত বাচ্চুর স্ত্রী বলেন, কুপ্রস্তাবের বিষয়টি আমার স্বামীকে আমি প্রথমে জানাই। তিনি এ বিষয়ে প্রতিবাদ করায় তার পা ভেঙে দিয়েছে হালান। আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত হালান বেপারি ঘটনা অস্বীকার করেন।এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network