আপডেট: March 29, 2023
ভোলা প্রতিনিধি:: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৬৩ কেজি ওজনের বিশাল আকৃতির শাপলাপাতা মাছ। পরে মাছটি বরিশাল মাছের আড়তে নিয়ে প্রায় ৫৮ হাজার টাকায় বিক্রি করেন ওই জেলে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ভোলা সদরের ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকার মেঘনা নদীতে এ মাছটি পাওয়া যায়।
এই বিশাল আকৃতির মাছটি জেলেরা ইলিশা মাছঘাটে নিয়ে এলে বিশাল আকৃতির মাছটি একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাজাপুর ৩ নম্বর ওয়ার্ডের মঞ্জু আখনের ছেলে সাইদুল মাঝির মাছ ধরা নৌকায় জেলেদের জালে বিশাল আকৃতির হাউস মাছটি ধরা পড়ে। এর ওজন ৬ মণ ২৩ কেজি।
সাইদুল মাঝি জানান, তিনি মঙ্গলবার সকালে মেঘনা নদীতে জাল পেতে বিকাল ৩টার দিকে জাল টানতে গিয়ে দেখেন বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি তার জালে আটকা পড়েছে। পরবর্তীতে অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নৌকায় তোলেন তিনি। পরে মাছটি বরিশাল মৎস্য আড়তে নিয়ে নিয়ে ৮ হাজার ৮০০ টাকা মন দরে বিক্রি করেন। এরকম বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি বলেও জানান তিনি।
স্থানীয় জেলেরা জানান, এসকল মাছ গভীর সাগরে থাকে। ধারনা করা হচ্ছে, মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, এটি সাগরের মাছ। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায খাবারের সন্ধ্যানে মাঝে মধ্যে দুই একটি মাছ নদীতে চলে আসে। যেহেতু নদীর পানিতে লবনাক্ততা রয়েছে। আর বর্তমানে নদীতে অভিযান চলায় জালও কম। তাই মাঝে মধ্যে এদের দেখা পাওয়া যায়।

