আপডেট: মে ২৩, ২০২৬
বরিশাল প্রতিনিধি:: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।শুক্রবার বিকেল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করা হয়। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে আলম খান (৩৭) এবং সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে শাকিল রাঢ়ী (২৪)। এদের মধ্যে আলম খান প্রকৌশলী পেটানো মামলার আসামি।
পুলিশ জানায়, দুই মাদক কারবারি বড় একটি চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল পন্টুনটি ঘিরে ফেলে। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

