মোবাইলে বিয়ে, প্রবাসী স্বামীর সঙ্গে দেখা হলো না চাঁদনীর

আপডেট: July 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: চাঁদনী আক্তার। একটি কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি। প্রায় তিন মাস আগে মোবাইলে পর্তুগাল প্রবাসী অপুর সঙ্গে বিয়ে হয় তার। আগামী ডিসেম্বরে দেশে এসে চাঁদনীকে ঘরে তোলার কথা ছিল। কিন্তু স্বামীকে আর দেখা হলো না চাঁদনীর। ঘাতক বাস কেড়ে নিল চাঁদনীর প্রাণ।

রোববার সকালে গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বাসের ধাক্কায় নিহত হন চাঁদনী। নিহত চাঁদনী শরীয়তপুরের জাজিরা থানার কাজিরহাট গ্রামের শহিদুল ইসলাম খোকনের মেয়ে।জানা যায়, চাঁদনী টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি রাজধানীর বনানীতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে কর্মস্থল বনানীর উদ্দেশ্যে গাড়ির জন্য হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অপেক্ষা করছিলেন চাঁদনী। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী অনাবিল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন চাঁদনী। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

চাঁদনীর বাবা শহিদুল ইসলাম খোকন জানান, প্রায় তিন মাস আগে মোবাইলে পর্তুগাল প্রবাসী অপুর সঙ্গে চাঁদনীর বিয়ে হয়। আগামী ডিসেম্বরে অপু দেশে এসে চাঁদনীকে পর্তুগালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।পূর্ব থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network