আপডেট: November 16, 2020
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, যুবলীগ মেধা ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। দলের পদবিতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করি না আমরা। বরং দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সেটাই আমাদের বিবেচ্য হবে।
দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাই হবে না মন্তব্য করে তিনি বলেন, দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হালনাগাদ করা হবে। দলকে তৃণমূল থেকে আরো শক্তিশালী করা হবে।
সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
এদিন কেন্দ্রীয় যুবলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, শেখ সোহেল উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, মোঃ রফিকুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন উপস্থিত ছিলেন।

